বাড়িভাড়া ভাতা বাড়ানোসহ তিন দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক ● ঢাকা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাতা, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং চিকিৎসা ভাতাসহ তিন দফা দাবিতে তারা এই কর্মসূচি ঘোষণা করেছেন।

রবিবার (১২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন শিক্ষক-কর্মচারীরা। সকাল থেকেই রাজধানীর প্রেসক্লাব চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে হাজারো শিক্ষক-কর্মচারীর উপস্থিতিতে। কর্মসূচি থেকে সরকারকে আগামীকাল সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দেন তারা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, “আমরা সরকারের প্রতি সর্বশেষ আহ্বান জানাচ্ছি—সোমবারের মধ্যে আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। অন্যথায় মঙ্গলবার থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।”

তিনি আরও জানান, দাবি আদায়ের লক্ষ্যে একটি শিক্ষক প্রতিনিধি দল ইতিমধ্যে সচিবালয়ে আলোচনা করতে গেছেন। তবে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন।

কর্মসূচিতে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা বৃদ্ধির বিষয়ে তারা ইতিবাচক। বিষয়টি দ্রুত সমাধানের জন্য দুই মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা নিয়মিত বৈঠক করছেন

তবে আন্দোলন তীব্র আকার ধারণ করায় সরকারের পক্ষেও কিছুটা অস্বস্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

দেশজুড়ে লাখো শিক্ষক-কর্মচারীর এই কর্মসূচি বাস্তবায়িত হলে শিক্ষা কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *