উদীচীর দাবি: প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করুন

উদীচীর দাবি: প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করুন

নিজস্ব প্রতিবেদক-ঢাকা

প্রকাশ ০৪ নভেম্বর ২০২৫

প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগ বাতিলের সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটি বলেছে, এই সিদ্ধান্ত শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা এবং মানবিক গুণাবলিকে বিপন্ন করবে।

মঙ্গলবার এক বিবৃতিতে উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, শিশুর সর্বাঙ্গীণ বিকাশে সংগীত, শিল্পকলা ও ক্রীড়া শিক্ষার ভূমিকা অপরিহার্য। তাদের মতে, প্রাথমিক শিক্ষার কাঠামো থেকে এই বিষয়গুলো বাদ দেওয়া মানে শিশুদের বিকাশের দরজা বন্ধ করে দেওয়া।

উদীচীর বিবৃতিতে বলা হয়, বিশ্বের উন্নত দেশগুলো শিশুদের মধ্যে সৃজনশীলতা, দলগত মনোভাব, আত্মবিশ্বাস ও শৃঙ্খলা গড়ে তুলতে শিল্প ও ক্রীড়া শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেয়।কিন্তু বাংলাদেশে এই বিষয়গুলোকে উপেক্ষা করা হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংগীত ও শিল্পচর্চা শিশুদের সহমর্মিতা, নৈতিকতা ও অনুভূতির গভীরতা বাড়ায়।  অন্যদিকে ক্রীড়া শিক্ষা গড়ে তোলে দলগত নেতৃত্ব, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা। এসব বিষয় বাদ দিলে শিক্ষা ব্যবস্থা একপেশে ও ভারসাম্যহীন হয়ে পড়বে।

উদীচী মনে করে, বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি সবসময়ই অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। তাই সংগীত শিক্ষক পদ বাতিলের এই সিদ্ধান্ত সেই চেতনার পরিপন্থী। শিশুদের শিল্প, সংগীত ও ক্রীড়া শিক্ষা থেকে দূরে রাখলে তাদের সৌন্দর্যবোধ, কল্পনাশক্তি ও মানবিকতা ক্ষতিগ্রস্ত হবে বলে সংগঠনটি সতর্ক করেছে।

বিবৃতিতে উদীচী আরও জানায়, “যে শিশুরা ছোটবেলা থেকেই সংগীত ও সুরের চর্চায় বেড়ে ওঠে, তারা মন্দের পথে যায় না; বরং তারা আলোকিত, নান্দনিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠে। সংগীত বাংলাদেশের ঐতিহ্য ও জাতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যা প্রজন্মের পর প্রজন্ম মানুষকে এক করেছে।

সংগঠনটি সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে-প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয় পুনর্বহাল করে এই দুটি ক্ষেত্রকে যথাযথ গুরুত্ব দিতে হবে। উদীচীর মতে, শিশুদের শিল্প-সংস্কৃতি ও ক্রীড়া থেকে বঞ্চিত করা মানে জাতির ভবিষ্যৎকে সংকুচিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *