হংকং বিমানবন্দরে কার্গো প্লেন দুর্ঘটনা: নিহত ২

হংকং বিমানবন্দরে কার্গো প্লেন দুর্ঘটনা

সংবাদ ডেস্ক | স্বদেশ ২৪ অনলাইন

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক দুর্ঘটনায় দুই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে দুবাই থেকে আসা একটি বোয়িং ৭৪৭ কার্গো বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি নিরাপত্তা টহল গাড়িতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৪টার কিছু আগে উত্তর রানওয়েতে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের বেড়া ভেঙে বাইরে চলে যায়। এ সময় বেড়ার অন্যপাশে অবস্থানরত একটি টহল গাড়িকে সরাসরি ধাক্কা মারে বিমানটি। ধাক্কায় গাড়িটি সাগরে পড়ে যায়।

ঘটনাস্থলেই ৩০ বছর বয়সী এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়। অপর একজন ৪১ বছর বয়সী আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান। ডুবুরি দল ঘটনাস্থল থেকে পাঁচ মিটার দূরে পানিতে ডুবে থাকা গাড়ি থেকে তাদের উদ্ধার করে।

দুর্ঘটনায় বিমানটির লেজের অংশ ভেঙে গেছে এবং ককপিটের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর জরুরি স্লাইড খোলা হয় এবং বিমানে থাকা চারজন ক্রু সদস্যকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক স্টিভেন ইউ জানান, প্রাথমিকভাবে জানা গেছে আবহাওয়া ও রানওয়ের অবস্থা অবতরণের জন্য উপযুক্ত ছিল এবং বিমানের পক্ষ থেকে কোনো জরুরি সংকেত পাঠানো হয়নি।

দুর্ঘটনায় জড়িত বিমানটি তুর্কি কার্গো পরিবহন সংস্থা এ সি টি এয়ারলাইন্সের পরিচালনায় এমিরেটসের পক্ষ থেকে লিজ নেওয়া ছিল।

১৯৯৮ সালে চালু হওয়া হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ উদঘাটনে কাজ শুরু করেছে। হংকং পুলিশ জানিয়েছে, তারা প্রয়োজনে ফৌজদারি তদন্ত শুরু করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *