স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে কাল ‘লং মার্চ টু অধিদপ্তর’

নিজস্ব প্রতিবেদক:
সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের দাবিতে আগামীকাল (সোমবার) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইবতেদায়ি শিক্ষকদের “লং মার্চ টু অধিদপ্তর” কর্মসূচি।

ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগঠনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাল সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সেখান থেকে শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উদ্দেশে লং মার্চ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। তারা দাবি করছেন—প্রাথমিক শিক্ষার সঙ্গে সরাসরি যুক্ত এই প্রতিষ্ঠানগুলোকে সরকারিভাবে জাতীয়করণের আওতায় আনা হলে শিক্ষার মান ও শিক্ষক মর্যাদা আরও বৃদ্ধি পাবে।

সম্প্রতি শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি জানিয়েছেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি দেশে ফেরার পর বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষক ঐক্যজোটের নেতারা জানান, সরকারের ইতিবাচক পদক্ষেপ না আসা পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি অব্যাহত রাখবেন।

সূত্র: ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির প্রেস বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *