ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটপাত দিয়ে ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিলেন ওই তরুণ। হঠাৎ উপর থেকে একটি ভারী ধাতব বস্তু—মেট্রোরেলের পিলারের বিয়ারিং স্প্রিং—ছিটকে পড়ে তার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনার সময় ছিটকে পড়া স্প্রিংটি পাশের একটি চপ-সিঙ্গারা দোকানের কাঁচের সামনে গিয়ে আঘাত হানে। এতে দোকানের কাঁচ ভেঙে দুইজন আহত হন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ছিটকে পড়া বিয়ারিং স্প্রিংটির ওজন ছিল প্রায় ৪০ থেকে ৫০ কেজি।

দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত নিহতের মরদেহ সড়কের পাশে সরিয়ে রাখেন এবং পুলিশকে খবর দেন। পরে তেজগাঁও থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

একজন প্রত্যক্ষদর্শী জানান,

“আমরা হঠাৎ একটা তীব্র শব্দ শুনি। দেখি একজন মানুষ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। উপরে তাকিয়ে দেখি পিলারের নিচে ভারী একটা ধাতব জিনিস পড়েছে।”

এ ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিলারের অংশে প্রযুক্তিগত ত্রুটি বা রক্ষণাবেক্ষণের সময়কার যান্ত্রিক সমস্যার কারণে স্প্রিংটি খুলে পড়ে যেতে পারে।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, ফার্মগেট থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের এই অংশটি নিয়মিত যাত্রী চলাচলের জন্য খোলা রয়েছে। কিন্তু দুর্ঘটনাটি ঘটায় নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *