বিশেষ প্রতিনিধি, ঢাকা
জুলাই সনদকে ঘিরে চলমান রাজনৈতিক বিতর্কের প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছে। দলটি বলেছে, “বৈধতা কোনো রাজনৈতিক প্রতিশ্রুতিতে নয়, বরং আইনি কাঠামোয় প্রতিষ্ঠিত হতে হবে।”
শনিবার এক বিবৃতিতে এনসিপি জানায়, জনগণের মতামত এবং গণভোটের ভিত্তিতেই যেকোনো সাংবিধানিক বা প্রশাসনিক সংস্কার কার্যকর করা উচিত। দলটির পক্ষ থেকে বলা হয়, জনগণের সম্মতি ব্যতীত কোনো সনদ বা নতুন নিয়ম কার্যকর করা গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী।
বিবৃতিতে তিনটি মূল অবস্থান তুলে ধরা হয়—
১️⃣ আগে জানুক জনগণ:
সনদ বাস্তবায়নের নিয়ম এবং গণভোটের প্রশ্ন আগে প্রকাশ করতে হবে।
২️⃣ জনগণের নামে আদেশ:
প্রধান উপদেষ্টা ড. ইউনুস জনগণের ইচ্ছার ভিত্তিতে আদেশ জারি করবেন, যা হবে জনগণের মতামতের প্রতিফলন।
৩️⃣ জনগণের রায়ই শেষ কথা:
গণভোটে জনগণ “হ্যাঁ” বললে তবেই কার্যকর হবে। কেউ “না” বললে সেটিকে উপেক্ষা করা যাবে না। জনগণের রায়ের ভিত্তিতেই তৈরি হবে “বাংলাদেশ সংবিধান ২০২৬”।
এনসিপি মনে করে, জুলাই সনদকে কেন্দ্র করে বিভ্রান্তি সৃষ্টির পরিবর্তে সবার আগে আইনি কাঠামো পরিষ্কার করা জরুরি। দলটির দাবি, একটি স্বচ্ছ গণপ্রক্রিয়া ছাড়া কোনো রাজনৈতিক দল, সরকার বা সংস্থা জনগণের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।
দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, সংবিধান সংস্কার বা নতুন সনদের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করাই প্রকৃত গণতন্ত্রের ভিত্তি।