স্টাপ রিপোর্ট:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (এমপিওভুক্ত) শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে সরকার। তাদের বাড়ি ভাতা (হাউস রেন্ট) বৃদ্ধি করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে, তবে সর্বনিম্ন ২,০০০ টাকা বাড়ি ভাতা প্রদান করা হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই ভাতা প্রদান নির্দিষ্ট শর্তাবলি ও আর্থিক বিধি মেনে কার্যকর হবে। সরকারি কোষাগার থেকে অর্থ ছাড় না দিয়ে প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত বেতন ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত নিয়মে তা পরিশোধ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বাড়ি ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন। তাদের ন্যায্য দাবি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রজ্ঞাপন জারির পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। তারা সরকারের এই উদ্যোগকে “সময়ের দাবি পূরণ” হিসেবে নয় বরং চরম অবমাননাকর মনে করছেন এবং এটি সংশোধন করে ২০% দেয়ার দাবি জানিয়েছেন।