বানারীপাড়ায় ভাঙ্গনের কবলে ইলুহার খেয়া ঘাট, টলঘরের বেহাল অবস্থা

বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের পূর্ব মলুহার খেয়া ঘাটটি বর্তমানে ভয়াবহ নদী ভাঙ্গনের কবলে পড়ে চরম ঝুঁকিতে রয়েছে। খেয়া ঘাটের টলঘরটি আংশিক ভেঙে পড়েছে এবং যেকোনো সময় পুরোপুরি নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘাটটি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ ও পার্শ্ববর্তী এলাকার মানুষদের নৌপথে চলাচলের জন্য গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সাম্প্রতিক নদী ভাঙ্গনের কারণে ঘাটের পাড় ভেঙে টলঘরের ভিত্তি নড়বড়ে হয়ে গেছে। এতে ঘাটে নৌকা ভিড়ানো এবং যাত্রী ওঠানামা এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন শত শত মানুষ এই খেয়া ঘাট দিয়ে যাতায়াত করে। কিন্তু ঘাট ভেঙে পড়ার আশঙ্কায় এখন তারা আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা দ্রুত ভাঙ্গনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও টলঘরটি পুনর্নির্মাণের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ইলুহার ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য জানান, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে খেয়া ঘাটটি পুরোপুরি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা স্থানীয় জনগণের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এই ঘাটটি রক্ষা করা সম্ভব নয় বলে মনে করছেন এলাকাবাসী। তাই তারা জরুরি ভিত্তিতে নদী ভাঙ্গন রোধ ও ঘাট সংস্কারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *